প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম

‘লাইফ ম্যাগাজিন’-এর এক সাক্ষাৎকারে আগামী বছরের ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলেন আইশোস্পিড । ছবি : সময়ের আলো
‘লাইফ ম্যাগাজিন’-এর এক সাক্ষাৎকারে আগামী বছরের ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলেন আইশোস্পিড । ছবি : সময়ের আলোবিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণে ২০২৭ সালে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র। অনলাইনে যিনি আইশোস্পিড নামে পরিচিত, দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণের পরিকল্পনার মধ্যে বাংলাদেশকেও রেখেছেন তিনি।
সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী বছরের ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলেন আইশোস্পিড। সেখানে তিনি জানান, ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।
বিশ্বের সব দেশ ভ্রমণ করাকে নিজের অন্যতম লক্ষ্য উল্লেখ করে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছেন তিনি। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণ করতে চান।
আইশোস্পিডের বাংলাদেশে আসার আগ্রহ অবশ্য এবারই প্রথম নয়। বাংলাদেশি ভক্তরা দীর্ঘদিন ধরেই তাকে এ দেশে আসার আমন্ত্রণ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে একটি লাইভস্ট্রিমে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। এর আগে, একই বছরের সেপ্টেম্বরে লাইভস্ট্রিম চলাকালে তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি।
গত অক্টোবরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাজশাহীর এক ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিতেও দেখা যায় আইশোস্পিডকে। তবে ওই ভক্ত তাকে হাসাতে না পারায় কথার মাঝেই অন্য প্রসঙ্গে চলে যান তিনি।
ইউটিউবে গেমিং ও ফুটবলবিষয়ক ভিডিও তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পান আইশোস্পিড। বিশেষ করে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার অনুরাগ এবং রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্যাপন অনুকরণ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
চলতি মাসের শুরুতে টানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট লাইভস্ট্রিম করে আলোচনায় আসেন এই স্ট্রিমার। এ সময় না ঘুমিয়ে ‘জিটিএ সিক্স’ গেমের মূল কাহিনি শেষ করার দাবি করেন তিনি।
তবে, ২০২৭ সালে তার বাংলাদেশ সফরের নির্দিষ্ট তারিখ কিংবা ঢাকাসহ দেশের অন্য কোথাও সম্ভাব্য কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
সময়ের আলো/এসকে