প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ এএম

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই । ছবি : সংগৃহীত
নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই । ছবি : সংগৃহীতদুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তার নির্মাণ ও লেখায় উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, সমাজবাস্তবতা ও মানুষের নানা গল্প। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন গুণী নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তার প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। এ সময় চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
স্ত্রীর চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়ার কথা জানিয়েছিলেন তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। চিকিৎসার ব্যয় মেটাতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতাও চেয়েছিলেন তিনি।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নাট্যকার ও নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।
চলচ্চিত্র প্রযোজক হিসেবেও পরিচিতি ছিল তার। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/এসকে