প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম

ছোটপর্দার পরিচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী । ছবি : সংগৃহীত
ছোটপর্দার পরিচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী । ছবি : সংগৃহীতছোটপর্দার পরিচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তারা। পর্দায় এই জুটির রসায়ন নিয়ে দর্শকের আগ্রহও রয়েছে। এবার একটি নতুন গল্প, এক নতুন সূচনা আর টান টান উত্তেজনা নিয়ে হাজির হচ্ছেন ইয়াশ ও তটিনী। নাটকের নাম ‘সূত্রপাত’। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং।
নতুন গল্প, রহস্য আর জীবনের অজানা এক অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন কে এম সোহাগ রানা। এর কনসেপ্ট দিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটির মাধ্যমে দর্শকের সামনে ভিন্নধর্মী একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা।
নাটকটি প্রসঙ্গে পরিচালক সোহাগ জানান, ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে। তবে তাদের চরিত্রের বিস্তারিত পরিচয় কিংবা গল্পের পূর্ণাঙ্গ কাহিনি প্রকাশ করা যাবে না। নাটকের নামেই যেন লুকিয়ে আছে এক রহস্যময় ইঙ্গিত!
পরিচালক সোহাগ বলেন, ইয়াশ রোহান ও তটিনী দুজনই ছোটপর্দায় নিজেদের অভিনয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তারা। বিশেষ করে জুটি হিসেবে তাদের কাজ নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই লক্ষ করা যায়। নতুন নাটক ‘সূত্রপাত’ সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছি।
হারপিক নিবেদিত এই নাটকে আরও অভিনয় করেছেন তুষার খান, সুষমা সরকার, দীপা খন্দকারসহ আরও অনেকে।
নাটকটি প্রকাশ পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ ও সময় সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। নতুন গল্প ও রহস্যের আবহে নির্মিত ‘সূত্রপাত’ দিয়ে ইয়াশ-তটিনী জুটি দর্শকের মনোযোগ কতটা আকর্ষণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
সময়ের আলো/প্রিন্ট/এসকে