প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৩০ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী রচিত ‘গ্রামোফোন থেকে অডিও ক্যাসেট : শত বছরের বাংলা গান’ গ্রন্থের প্রকাশনা আড্ডা। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ। বইটির মোড়ক উন্মোচনে লেখকের সঙ্গে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসীম আলী খান, পিলু খান, শাহজাদা মাহমুদ চৌধুরী, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ ও লাবু রহমান।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বইটির প্রকাশক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, বাংলা গানের ইতিহাস চর্চা ও রক্ষায় এই বইটি অনন্য ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। বাংলাদেশে এত বড় কলেবরে এমন কাজ এই প্রথম।
লেখক শহীদ মাহমুদ জঙ্গী বলেন, প্রায় ছয় বছরের গবেষণার ফসল এই গ্রন্থ। ১৮৯১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত গ্রামোফোন থেকে অডিও ক্যাসেটে প্রকাশিত গানের ভিত্তিতে এই বইটিতে ২২৫ জন শিল্পী ও সুরকারের কাজ নিয়ে আলোকপাত করা হয়েছে। গীতিকবিদের বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে। আমি আশা করি বাংলা গানের ইতিহাস চর্চায় এই গ্রন্থ সহায়তা করবে।
অনুষ্ঠানটি আয়োজন করেছে আজব কারখানা। আসন্ন বইমেলা উপলক্ষে প্রকাশিত বইটি আজব প্রকাশের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করা যাচ্ছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি