প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ এএম

সোনম কাপুর। ছবি : সংগৃহীত
সোনম কাপুর। ছবি : সংগৃহীত বলিউডের পর্দায় আপাতত অনুপস্থিত, তবে ফ্যাশন ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ সরব অভিনেত্রী সোনম কাপুর। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন, ফ্যাশন ইভেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনায় থাকছেন তিনি। সম্প্রতি আবুধাবি সফরের ছবি প্রকাশ করে আবারও নজর কেড়েছেন এই অভিনেত্রী।
গত ২৪ নভেম্বর নিজের ইনস্টাগ্রামে আবুধাবির জায়েদ ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখার কিছু ছবি প্রকাশ করেন সোনম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঐতিহ্য আর হৃদয়। আবুধাবি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো একটি জায়গা।’ এ সফরে তার পোশাকেও ছিল বিশেষত্ব। ভারতীয় ডিজাইনার দিব্যম মেহতার তৈরি বিশেষ নকশার জ্যাকেটের সঙ্গে মুণ্ডু ও গাঢ় রঙের ট্রাউজার পরেছিলেন তিনি। পোশাকে যুক্ত ছিল জ্যামিতিক নকশা ও ঐতিহ্যবাহী কান্থা সেলাইয়ের কাজ। আধুনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে তার এই সাজ প্রশংসা পেয়েছে ফ্যাশনপ্রেমীদের।
এর আগে গত ১৭ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত আর্থশট প্রাইজের ষষ্ঠ আসরেও নজর কাড়েন সোনম। সেখানে পুরস্কার প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও টেকসই ফ্যাশন নিয়ে কথা বলেন অভিনেত্রী। চলচ্চিত্রের পোশাক ব্যবহারের ক্ষেত্রেও পরিবেশবান্ধব ভাবনার গুরুত্ব তুলে ধরেন। নিজের অভিনীত ‘আয়েশা’ সিনেমার পোশাকের কিছু পুরোনো সংগ্রহ এখনও তার কাছে রয়েছে বলেও জানান তিনি।
ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন সোনম। গত ২৯ মার্চ স্বামী আনন্দ আহুজার সঙ্গে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। তাদের প্রথম সন্তান বায়ুর বয়স এখন চার বছর। ২০১৮ সালে বিয়ে করেন সোনম ও আনন্দ। ‘নীরজা’, ‘রাঞ্জনা’, ‘ভিরে দি ওয়েডিং’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন সোনম।
সময়ের আলো/প্রিন্ট/জেডি