ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রাথমিক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মনোনীত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, রমজানের পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। তা ধরে নিয়ে নিজেদের প্রার্থীতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলার প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।
তারা আরও জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় লাভ করলেও বেশ ভাল ভোট পেয়েছেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা।
উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি চব্বিশের অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পরবর্তী সময়ে আসিফ মাহমুদ জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাছাড়া ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারীর নামও মেয়র পদের জন্য আলোচনায় রয়েছে।
এফআর