ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় সেহরির সময় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার রাত ৩টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, রোববার রাত ৩টার দিকে আমরা খবর পাই বারবাড়িয়া ইউনিয়নের মধ্যপাড়ায় একটি মসজিদে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মসজিদে ভেতরে থাকা কার্পেট, জেনারেটর ও ফ্যানসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে স্থানীয় লোকজনের চেষ্টায় মসজিদের টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এফআর