যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস। এর ৭৯তম আসর বসেছিল গতকাল রোববার রাতে লন্ডনের ঐতিহাসিক রয়্যাল ফেস্টিভ্যাল হলে। জমকালো আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক অ্যালান কামিং। এবারের বাফটা পুরস্কার যেন কেবল সেরা সিনেমা বেছে নেওয়ার আয়োজন নয় বরং সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক স্পন্দনের এক উজ্জ্বল প্রতিফলন।
বাফটার ৭৯তম আসরে আসরে মনোয়ন তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সিনেমাটি পেয়েছিল সর্বোচ্চ ১৪টি মনোনয়ন।
সর্বশেষ এ সিনেমা সেরা পরিচালকসহ ছয়টি পুরস্কার জিতে প্রায় একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। নির্মাতা পল টমাস অ্যান্ডারসন তার ক্যারিয়ারের আরেকটি শিখরে পৌঁছালেন। সিনেমাটি টমাস পিঞ্চনের ১৯৯০ সালের উপন্যাস ভাইনল্যান্ডের ছায়া অবলম্বনে ও অনুপ্রেরণায় নির্মিত। এতে যুদ্ধ-পরবর্তী মানবিক টানাপড়েনকে যেভাবে ব্যক্তিগত ট্র্যাজেডির সঙ্গে মিলিয়ে দেখিয়েছে, তা সমালোচক ও দর্শক দুই পক্ষেরই মন জয় করেছে। সহ-অভিনেতা বিভাগে একই সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন শন পেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিতর্ক ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করা এই অভিনেতার কাছে এটি আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাননি ডিক্যাপ্রিও।
‘আই সয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। তরুণ এই অভিনেতার এই অর্জন অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। একইভাবে ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। একই সঙ্গে ‘হ্যামনেট’ সেরা ব্রিটিশ সিনেমার পুরস্কারও জিতে নিয়েছে। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এরপর ‘আই সোয়্যার’, ‘সিনার্স’ এবং ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি করে পুরস্কার জিতেছে।
বাফটার এবারের আসরে গুরুত্বপূর্ণ বিভাগে আরও যেসব সিনেমা ও অভিনয়শিল্পীরা পুরস্কার জিতেছেন-
সেরা সিনেমা : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম : হ্যামনেট
সেরা পরিচালক : পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অভিনেতা : রবার্ট আরামায়ো (আই সোয়্যার)
সেরা অভিনেত্রী : জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী : ওনমি মোসাকু (সিনার্স)
সেরা অ-ইংরেজিভাষী সিনেমা : সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা তথ্যচিত্র : মি. নোবডি এগেনস্ট পুতিন
সেরা অ্যানিমেশন সিনেমা : জুত্রোপলিস টু
বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম : বুং
রাইজিং স্টার অ্যাওয়ার্ড : রবার্ট আরামায়ো
সেরা চিত্রনাট্য : সিনার্স
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা চিত্রগ্রহণ : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা কস্টিউম ডিজাইন : ফ্রাঙ্কেনস্টাইন
সেরা সম্পাদনা : ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্ট : অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ।
সময়ের আলো/এনএ