রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মারধরে তোফায়েল আহমেদ (২৫) নামে বাংলানিউজের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাতে ঘটনাটি ঘটে। আহত ওই সাংবাদিককে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে আহত সাংবাদিক তোফায়েল জানান, তিনি বাংলানিউজের মাল্টিমিডিয়াতে কাজ করেন। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। সেখানে তিনিসহ আরও কয়েকজন সাংবাদিক ভিডিও করছিলেন। হুট করে পুলিশ তাকে ভিডিও করতে নিষেধ করে। পরে আবার ভিডিও করতে গেলে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ৪ থেকে ৫ জন পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে আহত করে। পরে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইভচলাকালীন কোনো উসকানি ছাড়াই একদল পুলিশ সদস্য এসে তোফায়েলকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশ। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং একের পর এক লাঠির আঘাত করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মারধরে আহত হয়ে এক সাংবাদিক হাসপাতালে এসেছেn। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
/এমএইচআর