গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাফসান রাফি ও অনুজ মজুমদার নামে দুই সহপাঠী স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদুর রহমানের মিয়ার ছেলে এবং অনুজ শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে।
তারা মুকসুদপুরের এস জে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফসান রাফি ও তার সহপাঠী অনুজ মজুমদার মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাফসান রাফি ও অনুজ মজুমদার গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর বিকেলে কর্তব্যরত চিকিৎসক রাফসান রাফিকে মৃত ঘোষণা করেন।
অন্য আহত অনুজ মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান।
এদিকে, একইসঙ্গে দুই সহপাঠীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হবে।
এফআর