শেষ হচ্ছে দুই যুগের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রায় দুই যুগের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে টাইগারদের। ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ

2026-02-25T22:20:24+00:00
2026-02-25T22:20:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
শেষ হচ্ছে দুই যুগের অপেক্ষা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ৯৬)
সংগৃহীত ছবি
প্রায় দুই যুগের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে টাইগারদের। ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ নিয়ে আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী আগস্টে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ গত ডিসেম্বরে জানিয়ে দিয়েছিলেন সম্ভাব্য দুটি ভেন্যুর নাম। এবার চূড়ান্ত হলো দিনক্ষণও। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের এটি হবে ২৩ বছর পর টেস্ট সফর। এর আগে একমাত্র সফরটি হয়েছিল ২০০৩ সালে। সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে, দ্বিতীয়টি কেয়ার্নসে। দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

নর্দান টেরিটরিতে তখন মূল ভেন্যু ছিল ডারউইন ও কেয়ার্নস। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কেয়ার্নস গুরুত্ব হারালেও ম্যাকাই এখন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ক্রিকেট কেন্দ্র হয়ে উঠেছে। তবে ডারউইন ও ম্যাকাই কোনোটিই অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী প্রধান টেস্ট ভেন্যুর তালিকায় পড়ে না। সাধারণত নিয়মিত মৌসুম শুরুর আগে জুলাই-আগস্ট-সেপ্টেম্বর সময়ে নর্দার্ন টেরিটরিতেই আয়োজন করা হয় এমন সিরিজ।


২০০৩ সালের জুলাইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই ডারউইনের টেস্ট যাত্রা শুরু হয়েছিল। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট হয়েছিল সেখানে। সেটিই এখন পর্যন্ত ওই মাঠের সবশেষ টেস্ট।

অন্যদিকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ১৯৯২ বিশ^কাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ হয়েছিল, যা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট হয়নি সেখানে। পরে সংস্কার করে আধুনিক রূপ দেওয়া হয় মাঠটিকে। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত হলেও গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় এখানে। এবার ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ দিয়েই হবে টেস্ট অভিষেক।

মূল সূচি অনুযায়ী এই সফর হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রধান ভেন্যুগুলোতেই খেলার সুযোগ পেতে পারত বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের সফর এগিয়ে আনা হয়েছে এ বছরের আগস্টে।

দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এখন পর্যন্ত ৬ টেস্টে বাংলাদেশের জয় একটি, অস্ট্রেলিয়ার পাঁচটি। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের কথা থাকলেও কোভিডের কারণে সেটি বাতিল হয়।

সময়ের আলো/এআর



  বিষয়:   যুগ  অপেক্ষা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: