নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় কারখানার ম্যানেজার ও ফোরম্যানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত হন।
ভুক্তভোগী কারখানার মালিকের দাবি, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের অনুসারীরা এ হামলা চালায় এবং নগদ ২০ লাখ টাকাসহ প্রায় এক কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় ভুক্তভোগী কারখানার মালিক মোনোয়ার হোসেন (অপু) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী বেলায়েত আকন্দ, সজল ও কাজলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় প্রবেশ করে। এসময় কারখানার ম্যানেজার অলিউল্লাহ (২৪) বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।
হামলায় অলিউল্লাহর বাম হাত ভেঙে যায় এবং পায়ের ঊরুতে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রোডাকশন ফোরম্যান জুলহাসকেও (৫০) পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে, হামলাকারীরা দীর্ঘদিন ধরে কারখানা মালিকের কাছে এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। পরে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে হামলাকারীরা কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভুক্তভোগী কারখানার মালিক জানান, চাঁদার দাবিতে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি করেছে। এরপর তারা ট্রাক নিয়ে এসে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে। সব মিলিয়ে প্রায় এক কোটি ১৭ লাখ টাকার সম্পদ লুট করে সটকে পড়ে সন্ত্রাসীরা।
তিনি অভিযোগ করে আরও বলেন, যাওয়ার সময় তারা শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে পুলিশ পাহারায় কারখানা চালু রাখা হয়েছে। প্রশাসনের নজরদারি না থাকলে যে কোনো সময় প্রাণনাশের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন সময়ের আলোকে বলেন, এ বিষয়ে আমি একটি সংবাদ সম্মেলন করেছি। লিখিত বক্তব্য আপনাকে পাঠাচ্ছি। সেখানে সব বলা আছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সবজেল জানান, কারখানাটি পুলিশ পাহারায় হেফাজতে চালু রয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অন্যদিকে, শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
এফআর