সংসদের আগে এমপিদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

রফিক রাফি

জাতীয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে সভা করবেন। ১২ মার্চ

2026-02-26T01:13:46+00:00
2026-02-26T01:13:46+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
সংসদের আগে এমপিদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী
রফিক রাফি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ এএম 
জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি
জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে সভা করবেন। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে মার্চের প্রথম সপ্তাহে এই সভা অনুষ্ঠিত হবে। সভার ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে ২ দিনব্যাপী এই সভা হওয়ার সম্ভাবনাই বেশি। সভায় এমপিদের গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। তিনি এমপিদের সঙ্গে মতবিনিময় করবেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে। এ ছাড়া জোটের শরিক গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি করে আসনে বিজয়ী হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সংসদের প্রথম অধিবেশনের আগেই দলের এমপিদের সঙ্গে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কর্মীদের চাহিদা, জনগণের চাহিদা, বিরোধীদের নানামুখী প্রপাগান্ডার বিষয়ে সতর্কতা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের নানা পদক্ষেপ মাঠ পর্যায়ে সুষম বণ্টনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। পাশাপাশি এমপিদের কাছ থেকে তাদের বক্তব্য শুনবেন।

অন্য একটি সূত্র জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি প্রার্থীদের কাছ থেকে মতামতও গ্রহণ করেন। তারেক রহমানের নেতৃত্ব এবং দিকনির্দেশনায়ই সারা দেশে বড় জয় পায় বিএনপি। নির্বাচনের আগে মতবিনিময়ের মতো সংসদ অধিবেশনের আগেও এমপিদের সঙ্গে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।

সূত্র জানায়, ইতিমধ্যে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়াতে শুরু করেছে বিরোধী পক্ষ। এসব প্রপাগান্ডার বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে সারা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। ঈদকে সামনে রেখে নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এটা স্বাভাবিক রাখতে এমপিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে দলের কর্মীরা যাতে অপকর্মে জড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ন না করেন। বিএনপি সরকারের ওপর জনগণের যে চাহিদা রয়েছে সেটা পূরণে অগ্রাধিকার দিয়ে কাজ করাসহ নানা বিষয়ে এমপিদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, বিশেষ করে বিএনপি সরকার সারা দেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না হয়, অগ্রাধিকার ভিত্তিতে সুষম বণ্টন হয়, এ ছাড়া নির্বাচনের আগে বিএনপি যেসব অঙ্গীকার করেছে সেগুলো বাস্তবায়নে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা থাকবে।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ সময়ের আলোকে বলেন, প্রথম অধিবেশনের আগে দলীয় এমপিদের নিয়ে সভা করেন দলের প্রধান। সে হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের বিজয়ী এমপিদের সঙ্গে সভা করে দিকনির্দেশনা দেবেন।

অন্যদিকে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সময়ের আলোকে বলেন, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। তার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দলের এমপিদের মতবিনিময় হবে। আমাদের এখনও জানানো হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের এমপিদের নিয়ে বসে নানা দিকনির্দেশনা প্রদান করবেন।

সময়ের আলো/আআ

  বিষয়:   সংসদ  এমপি  সঙ্গে  বৈঠক  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: