রাজধানীর মেট্রোরেল ব্যবস্থাপনায় নতুন শৃঙ্খলা জোরদার করেছে কর্তৃপক্ষ। এখন থেকে অনুমতি ছাড়া স্টেশন এলাকা বা ট্রেনের ভেতরে কোনো ধরনের ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং কিংবা কনটেন্ট তৈরি করা যাবে না- এমন কড়া নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের অভ্যন্তরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও বা ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।
নতুন নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে- ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ সম্প্রচার কিংবা ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিংয়ের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ ‘ভ্লগ’ বা ‘রিল’ বানাতেও লাগবে পূর্বানুমতি।
ডিএমটিসিএল স্পষ্ট জানিয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম চালালে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বাণিজ্যিক শুটিং বা ফটোগ্রাফির ক্ষেত্রে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় আগাম আবেদন করে অনুমোদন নিতে হবে সংশ্লিষ্টদের।
যাত্রীসাধারণের নিরাপত্তা, চলাচলের স্বাচ্ছন্দ্য এবং স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে মেট্রোরেল স্টেশনগুলোতে কনটেন্ট নির্মাতাদের ভিড় বেড়ে যাওয়ায় যাত্রী চলাচলে বিঘ্ন ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল- এমন প্রেক্ষাপটেই নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন নির্দেশনা কার্যকর হওয়ায় এখন থেকে মেট্রোরেল এলাকায় ক্যামেরা চালুর আগে অনুমতির বিষয়টি নিশ্চিত করতে হবে সবারই।
এএডি/