নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় নিহত সার ব্যবসায়ী সফিকুর রহমানের মৃত্যুর ছয়দিন পর মারা গেছেন তার ছোট ছেলে সাইদুর রহমান (২০)। অল্প কয়েক দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান।
এর আগে গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন সার ব্যবসায়ী সফিকুর রহমান (৬০)। এ সময় গুরুতর আহত হন তার দুই ছেলে।
নিহত সাইদুর রহমান নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় সফিকুর রহমান ও তার দুই ছেলে আহত হয়। ঘটনাস্থলেই বাবা সফিকুর রহমান মারা যায়। আহত দুই ছেলেকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। ছয় দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, সাইদুরের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। ট্রাকচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং লরিটি থানায় জব্দ রয়েছে।
সময়ের আলো/জোই