প্রতিটি পরিবারে থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা আর নীরব নির্ভরতার গল্প। এমনই এক আবেগঘন পারিবারিক বয়ান নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিউ’। যেখানে মানুষের সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি পোষা প্রাণীর প্রতি মমতার চিত্র তুলে ধরা হয়েছে। ব্যতিক্রমী গল্পের এই ফিল্মটি নির্মাণ করেছেন আতিক জামান।
তার ভাষ্য— এটি মূলত একটি পরিবারের গল্প, তবে পোষা প্রাণীর উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছে এতে। যদিও এই ফিল্মের মূল শক্তি পরিবারের সদস্যদের হরেক অনুভূতি, সম্পর্কের জটিলতা ও ভাঙাগড়ার ভেতরেই নিহিত। প্রতিটি পরিবারে থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা ও নীরব নির্ভরতার গল্প। কখনো সেই গল্পে মানুষ কথা বলে, কখনো নরম লোমশ প্রাণী নীরবে জায়গা করে নেয় পরিবারের হৃদয়ে।
নির্মাতা আরও বলেন, গল্পটা শুরুতে যেমন ছিল, শেষ পর্যন্ত আর তেমন থাকেনি। বিভিন্ন রকম যুক্তি-তর্কের পর আমরা একটি পারিবারিক ও মানবিক গল্প দাঁড় করাতে পেরেছি বলে মনে হচ্ছে। একটি পরিবারের মধ্যকার সব ধরনের অনুভূতি এই গল্পে রয়েছে। এর সঙ্গে পোষা প্রাণী একটা বাড়তি আবেদন যোগ করেছে। আমি বলব, বিড়ালটি মোড় ঘুরিয়ে দিয়েছে বা নতুন এক উপলব্ধি তৈরি করেছে।
ফিল্মটিতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। কাজটি করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। কারণ ফিল্মটির বিশেষ আকর্ষণ সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’, যেটি ফিল্মটিতে অভিনয় করেছে।
অভিনেত্রী জানান, পোষা প্রাণীর সঙ্গে মানুষের গভীর আবেগের সম্পর্ক নিয়েই এই গল্প। শৈশবে তার নিজের পোষা বিড়াল ‘মিউ’ হারিয়ে যাওয়ার ঘটনাও ‘মিউ’ গল্পের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে।
ফিল্মে আরও অভিনয় করেছেন— আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা। গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমি সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
আফসানা মিমি বলেন, প্রতিটি পরিবারে মা একটি গুরুত্বপূর্ণ চরিত্র। পরিবার ধরে রাখতে মা কখনো শাসন করেন, কখনো ভালোবাসেন— এই বাস্তবতাই ফিল্মে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে রাকিব হোসেন ইভন জানান, এতে নিম্নমধ্যবিত্ত শহুরে পরিবারের দায়িত্ব ও প্রত্যাশার চাপের ভেতর বড় ছেলের মানসিক লড়াই ফুটে উঠেছে, যা দর্শকদের নিজেদের জীবনের সঙ্গে মিলে যেতে পারে।
‘মিউ’ ফিল্মটি চরকিতে মুক্তি পাবে ৪ মার্চ রাত ১২টায়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মো. আলম ভূঁইয়া। পারিবারিক দায়িত্ববোধ ও পোষা প্রাণীর প্রতি মমতার এই গল্প দর্শকদের মনে নরম এক দাগ কেটে যাবে, এমন প্রত্যাশা নির্মাতাদের।
এফআর