ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফলাফল বিতর্ক এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। বিভিন্ন আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এবার আরও চার প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
সোমবার (২ মার্চ) হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে তাদের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
বিএনপির প্রার্থীরা রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ফল বাতিল বা পুনর্বিবেচনার আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন, কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তাদের দাবি, সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচনী অনিয়ম হয়েছে, যা ফলাফলে প্রভাব ফেলেছে।
আরও পড়ুন
এর আগে রোববার আরও দুই প্রার্থী- ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব পৃথকভাবে আবেদন করেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণও করেছে। ফলে নির্বাচনী ফলাফল নিয়ে বিএনপির আইনি পদক্ষেপ ধারাবাহিকভাবে বাড়ছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনী অনিয়মের অভিযোগে হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠনের বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী সংশ্লিষ্ট আবেদনগুলো বিচারিক প্রক্রিয়ায় বিবেচিত হচ্ছে।
এএডি/