প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৪৯ পিএম
পটুয়াখালীতে ব্যাংকের সামনে থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার। ছবি : সময়ের আলোসোনালী ব্যাংক পটুয়াখালী নিউ টাউন শাখা থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওৎ পেতে থাকা তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাদা পোশাকে পুলিশ অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে গ্রেফতার করা গেলেও একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে সারা দেশের মতো পটুয়াখালীতেও সক্রিয় একাধিক ছিনতাইকারী চক্র। বিভিন্ন ব্যাংকে ও জনবহুল এলাকায় তারা ওৎ পেতে থেকে সুযোগ বুঝে ছিনতাই কিংবা পকেট কেটে টাকা হাতিয়ে নেয়।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সোনালী ব্যাংক নিউ টাউন শাখায় অবস্থান নেয় এমনই চার সদস্যের সক্রিয় একটি ছিনতাইকারী চক্র। ব্যাংকে আগত গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনতাই কিংবা ব্যাগ কেটে নিয়ে যাওয়াই ছিল তাদের লক্ষ্য। তবে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকে সাদা পোশাকে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। দেশের বিভিন্ন এলাকার ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজের সাথে চেহারা মিলিয়ে তিন জনকে আটক করতে পারলেও একজন পালিয়ে যায়।
পটুয়াখালী থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের আদালতের সোপার্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
এফআর