দলের সেরা তারকা বাবর আজমকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে রাখা হয়েছে এখনও ওয়ানডে না খেলাা ৬ জনকে। দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি।
ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর।
তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাবর পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন বাবর, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে।
বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করা ফারহান অবশ্য বিশ্বকাপেই এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশের সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে তার।
তিনি ছাড়া ওয়ানডে অভিষেক না হওয়া অন্য ক্রিকেটাররা হলেন— আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন।
সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন, এরা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।
দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামান। দল ঘোষণার আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ফখর।
সিরিজ খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে ৮ মার্চ। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের তিন ম্যাচ।
পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।
সময়ের আলো/এআর