সরকারি ভূমি অফিস নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১২টার সময় সরেজমিনে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এ তথ্য পাওয়া যায়।
বদলি হওয়া ওই তিন কর্মকর্তা কর্মচারী হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী।
এর আগে বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে আসেন। এ সময় নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা ও কর্মচারী অফিসে উপস্থিত ছিলেন না। এ জেরে অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বদলি হওয়া ব্যক্তির মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে নারায়ণগঞ্জের আড়াই হাজার এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
এদিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন। কর্মকর্তারা অন্যত্র বদলি হওয়ায় অফিস বর্তমানে ফাঁকা রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/আআ