পারিবারিক জীবনের নানা অশান্তি নিয়ে গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে নাটক ‘অশান্তির সংসার’। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। ৪ মার্চ নাটকটি মুক্তি পেয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। নাটকটিতে শতভাগ নোয়াখালীর ভাষা ব্যবহৃত হয়েছে।
নাটকটি নিয়ে পরিচালক বলেন, শোবিজে এখন অস্থির সময় চলছে। পারিবারিক অশান্তির কারণে যাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে গণমাধ্যমে এসেছে। এমন সময় নাটকটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও অনেক দিন আগেই এটি নির্মিত হয়েছিল। অহনা ও রাশেদ সীমান্ত নোয়াখালীর ভাষায় দারুণ অভিনয় করেছেন। এই নাটকে তারা দুজন ছাড়া অন্যরা সবাই বৃহত্তর নোয়াখালীর অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর। আশা করছি, নাটকটি সবার পছন্দ হবে।
আরও পড়ুন
অহনা বলেন, আমি এখন আগের মতো অনেক কাজ করছি না। বেছে বেছে খুব কম নাটকে অভিনয় করছি। ‘অশান্তির সংসার’ নাটকের কাজটি আমার কাছে অন্যরকম মনে হয়েছে। আমাদের জীবনে ঘটে যাওয়া গল্পই বলা হয়েছে নাটকে। নাটকে নোয়াখালীর ভাষায় সংলাপ বলতে হয়েছে আমাকে। কাজটি করে ভালো লেগেছে।
রাশেদ সীমান্ত বলেন, চেনা গল্প হলেও একটু ব্যতিক্রম উপস্থানা ‘অশান্তির সংসার’। নাটকে যা দেখানো হয়েছে তা অনেকের সংসার জীবনে ঘটে থাকে। মূলত জীবনের গল্পই বলেছে নাটকটি। কাজটি করে অনেক আনন্দ পেয়েছি। অহনার সঙ্গে এর আগেও কাজ করেছি, দর্শক পছন্দ করেছেন। এটিও প্রচারে আসার পর দর্শক গ্রহণ করেছেন। নাটকে আরও অভিনয় করেছেন- আমিন আজাদ, রাসেল আর এস, ফরিদুল ইসলাম পাভেল, তানভীর রাহি, জিল্লু রহমান, অধরা নীহারিকাসহ অনেকে।
এএডি/