সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। এরমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। তেলের দাম বাড়বে, মানুষ কাজ হারাবে ও স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এফডিসিতে জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন।
ফাহমিদা খাতুন বলেন, ‘অর্থনীতিকে চাঙ্গা করে চলমান রাখতে ব্যবসায়ীদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বেশিরভাগ ব্যবসায়ী দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের জন্য কাজ করতে চায়। আমাদের সংস্কৃতিতে যখন রাজনৈতিক পালাবদল হয় তখন আগের সময়ের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিহিংসার বহি:প্রকাশ দেখা যায়।’
তিনি বলেন, ‘ঢালাওভাবে ব্যবসায়ীদের ওপর কালিমা দেওয়া ঠিক না। যেসব ব্যবসায়ী ও ব্যক্তিখাত অর্থনীতিতে অবদান রাখতে চান নির্বাচিত সরকারকে তাদের কাজের সুযোগ করে দেওয়ার সময় এসেছে। এক্ষেত্রে যাচাই বাছাই করে ব্যবসায়ীদের বন্ধ হওয়া ব্যাংক হিসাব খুলে দেওয়া উচিত। তবে যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। অর্থনীতির একটা প্রাণকেন্দ্র। সাধারণ জনগণের অর্থের পাহারাদার। অতীতে কেন্দ্রীয় ব্যাংককে রাজনীতিকরণ করা হয়েছে। যার কারণে ইচ্ছাকৃত ঋণ খেলাপির পরিমাণ অনেক বেড়েছিলো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সময়ের আলো/কেএইচও