সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৭ মার্চ) রাত ১০টা ২৮ মিনিটে তাদের নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়েছে। আপনারাও চলে আসুন।’
এর আগে, শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে প্রায় আধাঘণ্টা কর্মসূচি পালন করা হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকে এক রিকশায় ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়। এ সময় তার সঙ্গে বামপন্থী ছাত্রসংগঠনের কয়েকজনকে দেখা গেছে।
পরে রাত ১০টার দিকে একদল লোক এসে রিকশাটি সেখান থেকে সরিয়ে নেন। পরে সেখানে কয়েকটি ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত হলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
সময়ের আলো/কেএইচও