ঈদযাত্রায় প্রস্তুত ৩৬ নৌযান

রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

সারাদেশ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের

2026-03-09T02:38:35+00:00
2026-03-09T02:38:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদযাত্রায় প্রস্তুত ৩৬ নৌযান
রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৩৮ এএম 
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঈদে ঘরমুখী যাত্রী পারাপারে চলবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ঈদ উপলক্ষে এই নৌপথে ২০টি লঞ্চ চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে ঈদের সময় লঞ্চ চলাচল ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষের বাড়ি ফেরা নির্ভর করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ওপর। ফলে ঈদের সময় এই রুটে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ফেরি, লঞ্চ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে। 

ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, নৌপুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হচ্ছে। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে ফেরি, লঞ্চ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রস্তুতিতে স্বস্তি প্রকাশ করছেন যাত্রী ও যানবাহন চালকরা। 
দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার মো. হাতেম আলী মিয়া বলেন, যাত্রীদের কোনো ভোগান্তি আমাদের এখানে নেই। কারণ আমরা ওপর থেকে টিকেট কেটে দিই। লঞ্চ সবসময়ের জন্য আছে। যাত্রীদের ভোগান্তির কথা ভেবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে আরও ২টি ফেরি বাড়িয়ে মোট ১৬টি ফেরি চলাচল করবে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরির মাধ্যমে এবং দৌলতদিয়া প্রান্ত থেকে সচল থাকা তিনটি ঘাটের মাধ্যমে পারাপারের জন্য আগত যাত্রী ও যানবাহনের চালকদের ভালোভাবে পার করতে সক্ষম হব বলে আশা করছি। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ঈদের সময় ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিশেষ সতর্ক অবস্থানে থাকবে এবং ঘাট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ঈদকে কেন্দ্র করে দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেবে। যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। বাসচালকরা বলছেন, ঈদের সময় এই রুটে গাড়ির চাপ অনেক বেড়ে যায়।

 যদি ফেরি বেশি চালু রাখা হয় এবং ঘাটে শৃঙ্খলা থাকে তাহলে আমাদেরও সুবিধা হবে, যাত্রীদেরও কষ্ট কম হবে। আমরা চাই প্রশাসন যেন চাঁদাবাজি ও বিশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তা হলে সবাই নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে। আর যাত্রীরা বলছেন, ঈদের সময় বাড়ি ফিরতে হলে এই নৌরুটটাই আমাদের ভরসা। শুনছি এবার ফেরি ও লঞ্চ বাড়ানো হয়েছে। আশা করছি ভোগান্তি অনেকটাই কমবে। আমরা চাই নিরাপদে ও দ্রুত যেন পরিবার-পরিজনের কাছে পৌঁছাতে পারি। 

দৌলতদিয়া ঘাট এলাকার মানিক ও ইসলাম নামে দুজন ব্যবসায়ী বলেন, ঈদকে ঘিরে দৌলতদিয়া ঘাট এলাকায় মানুষের যাতায়াত অনেক বেড়ে যায়। এতে আমাদের ব্যবসাও কিছুটা বাড়ে। আমরা চাই ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় থাকুক এবং চাঁদাবাজি বা কোনো ধরনের হয়রানি না থাকুক। তা হলে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও স্বস্তিতে কাজ করতে পারবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ঈদযাত্রা  নৌযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: