ইতিকাফের বিশেষ আমল

আমীনুর রহমান নড়াইলী

ইসলাম

পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই মাসের শেষ দশক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ

2026-03-10T15:46:42+00:00
2026-03-10T17:38:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
ইসলাম
ইতিকাফের বিশেষ আমল
আমীনুর রহমান নড়াইলী
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৭৬)
ফাইল ছবি
পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই মাসের শেষ দশক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এ সময়েই নিহিত রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ, যার মাধ্যমে একজন মুমিন নিজেকে দুনিয়ার ব্যস্ততা থেকে সরিয়ে আল্লাহর ইবাদতে সম্পূর্ণভাবে নিবেদিত করে। ইতিকাফ মূলত মসজিদে অবস্থান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদতে নিমগ্ন থাকার নাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। তাঁর ইন্তেকালের পরও তাঁর স্ত্রীগণ এই আমল অব্যাহত রেখেছিলেন। এ থেকে বোঝা যায়, ইতিকাফ শুধু একটি সাধারণ ইবাদত নয়; বরং এটি আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও আল্লাহর নৈকট্য অর্জনের এক বিশেষ সুযোগ। ইতিকাফ অবস্থায় একজন মুসলমানের প্রধান কাজ হলো আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখা। এ সময় কিছু বিশেষ আমলের প্রতি গুরুত্ব দিলে ইতিকাফের প্রকৃত স্বাদ ও কল্যাণ লাভ করা সম্ভব।

কুরআন তেলাওয়াত : রমজান কুরআন নাজিলের মাস। তাই ইতিকাফের সময় অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। শুধু তেলাওয়াতই নয়, কুরআনের অর্থ ও বার্তা নিয়ে চিন্তাভাবনা করাও গুরুত্বপূর্ণ। এতে কুরআনের শিক্ষা আমাদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে।

জিকির ও তসবিহ : সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ- এই ধরনের জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখা ইতিকাফের অন্যতম আমল। জিকির হৃদয়কে প্রশান্ত করে এবং মানুষের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করে।
আরও পড়ুন

দোয়া ও ইস্তিগফার : ইতিকাফ হলো আল্লাহর দরবারে নিজের ভুলত্রুটি স্বীকার করে ক্ষমা প্রার্থনার উত্তম সময়। এ সময় বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা উচিত। বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার আশায় নবীজি (সা.)-এর শেখানো দোয়াটি বেশি বেশি পড়া যেতে পারে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ! আপনি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করে দিন।’

নফল নামাজ আদায় : ইতিকাফের সময় ফরজ ও সুন্নতের পাশাপাশি তাহাজ্জুদ, সালাতুত তসবিসহ অন্যান্য নফল নামাজ আদায় করা যেতে পারে। রাতের নির্জনে দাঁড়িয়ে আল্লাহর সামনে কান্নাকাটি করা বান্দার জন্য বড় সৌভাগ্যের বিষয়।

আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি : ইতিকাফ কেবল ইবাদতের আনুষ্ঠানিকতা নয়, এটি নিজের জীবনের হিসাব নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। একজন মুমিন এ সময় চিন্তা করতে পারে তার জীবনে কী ভুল হয়েছে, কোন পাপ থেকে তাকে ফিরে আসতে হবে এবং ভবিষ্যতে কীভাবে আল্লাহর সন্তুষ্টির পথে চলা যায়।

ইলম অর্জন ও দ্বীনি আলোচনা : ইতিকাফের সময় কুরআন-হাদিস অধ্যয়ন, দ্বীনি বই পড়া বা আলেমদের বক্তব্য শোনা অত্যন্ত উপকারী। এতে জ্ঞান বাড়ে এবং দ্বীনের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। তবে ইতিকাফ অবস্থায় অপ্রয়োজনীয় কথা, দুনিয়াবি গল্প, মোবাইল ব্যবহার বা সময় অপচয় থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। কারণ ইতিকাফের মূল উদ্দেশ্যই হলো আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করা। রমজানের শেষ দশক আমাদের জীবনের জন্য এক বিশেষ সুযোগ। এই সময়ের সামান্য আমলও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। তাই যারা ইতিকাফ করার সুযোগ পাচ্ছেন, তারা যেন এটিকে জীবনের এক অনন্য আধ্যাত্মিক সফর হিসেবে গ্রহণ করেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইতিকাফের মর্ম উপলব্ধি করার তওফিক দান করুন এবং এই পবিত্র আমলের মাধ্যমে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে দিন- এই দোয়াই করি।

মুহাদ্দিস, দারুল উলুম বাগে জান্নাত, নারায়ণগঞ্জ

এএডি/


  বিষয়:   ইতিকাফ  বিশেষ  আমল 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: