বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহণ ব্যবহারসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় জানানো হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি অনুসরণ করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে অফিসে এসি, বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজন হলে বন্ধ রাখতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
এতে আরও জানানো হয়েছে, ব্যাংক ভবনের আলোকসজ্জা এবং প্রচারণামূলক বৈদ্যুতিক ডিজিটাল বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ জেনারেটরে সাশ্রয়ী ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
সময়ের আলো/কেএইচও