রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীর একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। আত্মগোপনে থাকা সাবেক এই এমপির সঙ্গে টেলিগ্রাম গ্রুপ কলে তর্কে জড়ানোয় ফয়সাল সরকার অমি (৩৫) নামে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় বুধবার (১১ মার্চ) তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফয়সাল।
জানা গেছে, গত ৯ মার্চ রাত ১১টার দিকে আত্মগোপনে থাকা ফারুক চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি টেলিগ্রাম গ্রুপে আলোচনা করছিলেন। আলোচনার মূল বিষয় ছিল বিগত সময়ে কে কত টাকা কামিয়েছেন। কথোপকথনের এক পর্যায়ে তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার সুজনের নিয়োগ বাণিজ্য নিয়ে কথা ওঠে।
ফয়সাল সরকার অভিযোগ করেন, পিয়নের চাকরির জন্য তার চাচাতো ভাই সুজনকে ১২-১৩ লাখ টাকা দিয়েছিলেন।
ফারুক চৌধুরী এর দায় নিতে অস্বীকার করলে ফয়সাল বলেন, টাকাটা আপনার হাতে যাচ্ছে বলেই আমরা জানি, কারণ আপনি এমপি এবং সুজন আপনার লোক।
কথোপকথনের এক পর্যায়ে ফয়সাল বলেন, টাকা আপনি খাইছেন ওদের হাত দিয়ে। আর এতেই মেজাজ হারান সাবেক এই সংসদ সদস্য।
তিনি রেগে গিয়ে বলেন, তুই সামনে পড়িস। তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তুই যা তা বলবি না আমার সামনে।
পাল্টা জবাবে ফয়সাল তাকে মেরে ফেলার চ্যালেঞ্জ জানালে ফারুক চৌধুরী রাগান্বিত হয়ে গ্রুপ কলটি বন্ধ করার নির্দেশ দেন।
এদিকে, এ ঘটনায় ফয়সাল বুধবার তানোর থানায় ওমর ফারুক চৌধুরীসহ মোট ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, শিক্ষক নিয়োগ বাণিজ্য ও গভীর নলকূপের অনিয়মের প্রতিবাদ করায় তাকে অনলাইনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকেই সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী আত্মগোপনে রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সংসদ সদস্য থাকাকালেও বেফাঁস মন্তব্য এবং গায়ে হাত তোলার মতো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি প্রায়ই সংবাদ শিরোনাম হতেন। পলাতক অবস্থায়ও তার এমন হুমকি প্রদানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এফআর