স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন থেকে তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা খালি চাকুরির পেছনে ঘুরে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। এজন্য আমাদের নিজেদেরকে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই… ভাই একটু বলে দেন। এসব থেকে বেরিয়ে আসতে হবে।
স্থা্নীয় সরকার মন্ত্রী বলেন, বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। দরকার আছে সেসব করতে হবে… দরকার আছে সেসব করতে হবে। এগুলোকে গুরুত্ব দিলে মুশকিল হবে।
এ সময় নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
তিনি সমিতির নামে বিভক্ত সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এআর