প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১৮ পিএম
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। সংগৃহীত ছবিইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিসহ দেশটির ১০ শীর্ষস্থানীয় নেতাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
সেখানে বলা হয়, এই পুরস্কারের লক্ষ্যবস্তু হলো ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ১০ শীর্ষ ব্যক্তি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গঠিত এই বাহিনীটি সুপ্রিম লিডারের প্রতি অনুগত এবং শিয়া ধর্মীয় শাসনব্যবস্থা রক্ষার দায়িত্বে নিয়োজিত।
মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকেও শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় মোজতবা খামেনিসহ কয়েকজনের ছবি ও নাম যুক্ত করে বলা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের নেতৃত্ব দেন; এরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, কর্মকাণ্ড সংগঠন এবং বাস্তবায়ন করেন।’
যদি কারও কাছে এদের বা আইআরজিসি’র অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতার বিষয়ে কোনো তথ্য থাকে তবে তা সিগন্যাল বা টর-ভিত্তিক কোনো মাধ্যম ব্যবহার করে জানাতে বলা হয়েছে। তথ্যদাতাকে পুরস্কার ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও সেখানে উল্লেখ করা হয়।
সময়ের আলো/এআর