প্রথম বুলেট ট্রেন তৈরি করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের নির্মাণকাজ এগিয়ে চলছে। দেশটির বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেডের (বিইএমএল) কারখানায় তৈরি হচ্ছে

2026-11-02T21:32:54+00:00
2026-11-02T21:32:54+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
প্রথম বুলেট ট্রেন তৈরি করছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম 
ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের নির্মাণকাজ এগিয়ে চলছে। ছবি : গালফ নিউজ
ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের নির্মাণকাজ এগিয়ে চলছে। দেশটির বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেডের (বিইএমএল) কারখানায় তৈরি হচ্ছে ট্রেনটি। মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরে চলাচলের জন্য বিশেষভাবে নির্মাণ করা হচ্ছে আট কোচের এই ট্রেন।

ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় রেখে ট্রেনটির নকশা করা হয়েছে। এতে দেশীয় প্রকৌশল ও আধুনিক প্রযুক্তির পাশাপাশি যাত্রীদের আরাম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রায় ২০২ মিটার দীর্ঘ ট্রেনটির পরীক্ষামূলক সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার। তবে বাণিজ্যিকভাবে চলাচলের সময় এর গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। আট কোচের ট্রেনটিতে একসঙ্গে ৫৫৭ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে প্রতিবন্ধী ও চলাচলে সীমাবদ্ধতা রয়েছে— এমন যাত্রীদের জন্য দুটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে।

ট্রেনটিতে থাকবে চারটি মোটর কার ও চারটি ট্রেলার কার। সাতটি কোচে সাধারণ শ্রেণির ৩x২ আসনবিন্যাস এবং একটি কোচে এক্সিকিউটিভ শ্রেণির ২x২ আসনবিন্যাস থাকবে। দুই প্রান্তে চালকের কেবিনে থাকবে আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা, যা সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনা নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে যোগাযোগে সহায়তা করবে। প্রয়োজনে দুটি আট কোচের ট্রেন জুড়ে ১৬ কোচের ট্রেন হিসেবেও চালানো যাবে।

যাত্রীদের সুবিধার জন্য এতে থাকবে আরামদায়ক আসন, এলইডি আলো, লাগেজ রাখার তাক, অতিরিক্ত মালামাল রাখার জায়গা এবং ল্যাপটপ ও মুঠোফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। প্রশস্ত জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাবে। পাশাপাশি কোচগুলোর মধ্যে চলাচলের জন্য থাকবে বিশেষ সংযোগপথ।

এ ছাড়া বায়োডাইজেস্টার টয়লেট, ওয়াই-ফাইভিত্তিক বিনোদনব্যবস্থা এবং ইংরেজি, হিন্দি ও আঞ্চলিক ভাষায় যাত্রীদের তথ্য জানানোর জন্য এলসিডি পর্দা থাকবে। স্বয়ংক্রিয় ঘোষণাব্যবস্থা ও জরুরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হচ্ছে।


বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য প্ল্যাটফর্মের উচ্চতার সঙ্গে কোচের মেঝের সামঞ্জস্য রাখা হবে। দরজায় থাকবে অতিরিক্ত ওঠানামার সুবিধা। হুইলচেয়ার ব্যবহারকারীদের উপযোগী দরজা, নির্দিষ্ট আসন ও টয়লেট এবং ব্রেইল পদ্ধতির নির্দেশনাও থাকবে।

প্রতিটি কোচে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য দুটি করে শীতাতপনিয়ন্ত্রণ ইউনিট বসানো হবে। শব্দ ও কম্পন কমাতে বিশেষ নিরোধক, বগির আবরণ এবং বায়ুগতিবিদ্যাভিত্তিক নকশা ব্যবহার করা হচ্ছে।

ট্রেনটি পরিচালিত হবে ২৫ কিলোভোল্ট, ৫০ হার্টজ একক-ফেজ এসি বিদ্যুৎব্যবস্থায়। এতে থাকবে রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তি। এই ব্যবস্থায় ট্রেনের গতি কমানোর সময় উৎপন্ন শক্তি পুনরুদ্ধার করে আবার বিদ্যুৎব্যবস্থায় সরবরাহ করা যাবে।

উচ্চগতিতে চলার সময় বায়ুর বাধা, কম্পন ও শব্দ কমাতে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিকস (সিএফডি) প্রযুক্তি ব্যবহার করে ট্রেনটির সামনের অংশ ও মূল কাঠামোর নকশা উন্নত করা হয়েছে। বিশেষ করে টানেলের ভেতরে বায়ুচাপের পরিবর্তন ও শব্দের প্রভাব কমানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। 

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বেঙ্গালুরুর বিইএমএল কারখানায় ট্রেনটির নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। প্রকল্পটি দেশটির উচ্চগতির রেল প্রযুক্তিতে নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  বুলেট ট্রেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: