প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীতইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ নেতাদের হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) আইওয়া অঙ্গরাজ্যের ডুবুকিউতে এক জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। দেশটির নেতাদেরও হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী এবং বিমানবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিমান বিধ্বংসী রাডার ধ্বংস করে দিয়েছে এবং তাদের নেতাদের হত্যা করেছে। তবে তাদের নেতাদের নিয়ে আমরা সম্ভবত একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। যা নিয়ে কেউ কথা বলে না।’
জনসভায় ইরানে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র নয়, ইরানই যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্র এখন সেই যুদ্ধ শেষ করছে।
তিনি বলেন, ‘বিশ্বে সন্ত্রাসবাদের এক নম্বর মদদদাতা দেশ থেকে আমি আমাদের দেশকে রক্ষা করেছি।’
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন ট্রাম্প। ২০০০ সালে ইয়েমেনের এডেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল এবং ইরাকে সড়কের পাশে পুঁতে রাখা বোমা হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার জন্যও তিনি তেহরানকে দায়ী করেন। যদিও ইউএসএস কোল হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা।
এ ছাড়া ২০২০ সালে বাগদাদে মার্কিন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা এ যুদ্ধ শুরু করেছে। আমরা শুরু করিনি। আমরা যুদ্ধটি শেষ করছি। আমরা তাদের খুব শোচনীয়ভাবে হারাচ্ছি।’
সূত্র : আল জাজিরা
সময়ের আলো/এমকে