নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা বা জোট গঠনের দাবিতে তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন

2026-11-01T23:32:30+00:00
2026-11-01T23:32:30+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা বা জোট গঠনের দাবিতে তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবারের এই সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, দেশে ‘প্রকৃত পরিবর্তন’ আনার এটাই হয়তো শেষ সুযোগ। তারা ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘বড় মাপের কারসাজিকারী’ বলেও আখ্যা দেন।

প্রধান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট এর আগে ইসরায়েলের আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে গত মঙ্গলবারের সাধারণ নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হওয়ায় আরব দলগুলোর সমর্থন পাওয়াই এখন তাঁর সামনে একমাত্র কার্যকর পথ হয়ে দাঁড়িয়েছে।

রামাল্লা থেকে আলজাজিরার প্রতিনিধি নুর ওদেহ শনিবার জানান, বিক্ষোভকারীরা সত্যিকার অর্থেই পরিবর্তনের পক্ষে দেওয়া জনরায় কার্যকর দেখতে চান। তাদের বিশ্বাস, গাদি আইজেনকোট এবং ইহুদি-ইসরায়েলি দলগুলোর অন্য নেতাদের জনগণের এই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া উচিত।

তবে শনিবারের বিক্ষোভের পাল্টা কর্মসূচিতে অংশ নেন নেতানিয়াহুর সমর্থকেরাও। ওদেহ জানান, নেতানিয়াহুর সমর্থকদের দাবি, তথাকথিত সন্ত্রাসীদের নিয়ে ইসরায়েলে কোনো সরকার গঠন করা উচিত নয়।

মঙ্গলবারের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি এবং আইজেনকোটের বিরোধী শিবির ৪৮টি আসন পেয়েছে। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে, ইসরায়েলের তিনটি আরব নেতৃত্বাধীন দল সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়ে বড় সাফল্য অর্জন করেছে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, আরব দলগুলোর জোট ‘রাআম’ ও ‘জয়েন্ট লিস্ট’-এর পক্ষে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ ভোট দিয়েছেন। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এই ভোটের সংখ্যা ৬৪ শতাংশ বেশি।


আরব দলগুলোর এই সাফল্যের ফলে তারা আইজেনকোটের সঙ্গে জোটে যুক্ত হলে সহজেই ৬৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে। তবে কট্টর জাতীয়তাবাদী মনোভাবের কারণে অনেক ইসরায়েলির কাছেই আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের ধারণাটি রাজনৈতিকভাবে গ্রহণ করা কঠিন।

এদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচন ‘চুরি’ এবং এ কাজে কাতার থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে কাতার এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে একে ‘অপপ্রচার’ বলে অভিহিত করেছে।

আলজাজিরার সাংবাদিক ওদেহ আরও জানান, ইসরায়েলের কট্টর ডানপন্থি মহল ফিলিস্তিনি-ইসরায়েলিদের এই ঐতিহাসিক ভোটের উপস্থিতিকে ‘নির্বাচনি সন্ত্রাস’ বলে বর্ণনা করছে। এমনকি একে ৭ অক্টোবরের হামলার সঙ্গেও তুলনা করছে তারা। ২০২৩ সালের ওই হামলায় হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে এবং শত শত মানুষকে জিম্মি করে।

ওদেহ আরও বলেন, আইজেনকোট সরকার গঠন করতে পারবেন কি না, তা নির্ধারণে আরব দলগুলোর মতামত এখন ‘নির্ণায়ক অবস্থানে’ চলে এসেছে। এ কারণে ‘ফিলিস্তিনি-ইসরায়েলিদের ভোট ও কণ্ঠস্বর’ তীব্র আক্রমণের মুখে পড়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   নেতানিয়াহু  আরব দল  জোট  বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: