প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ এএম
ছবি : সংগৃহীত বিতর্কিত অঞ্চল পশ্চিম সাহারায় সামরিক উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অঞ্চলটিতে ৩৫ বছর ধরে চলা জাতিসংঘের শান্তি মিশনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর রোববার এ উদ্বেগ জানান তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে জানান, পশ্চিম সাহারার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন গুতেরেস।
বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মহাসচিব। একই সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত ৩১ অক্টোবরের পর মিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এর ফলে পশ্চিম সাহারায় গণভোট আয়োজনের লক্ষ্যে গঠিত জাতিসংঘের মিশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ করেছে।
এরপর জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের অধীনে একটি সীমিত দল মিশন গুটিয়ে নেওয়া ও সম্পদ প্রত্যাহারের কাজ শুরু করেছে। এ প্রক্রিয়ায় সেনা ও সদস্য পাঠানো দেশগুলোর সরঞ্জাম নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি জাতিসংঘের মালিকানাধীন সম্পদ নিষ্পত্তির কার্যক্রমও পরিচালনা করা হবে।
সময়ের আলো/এসএকে