কে হচ্ছেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল

অলিউল ইসলাম

জাতীয়

দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল প্রশ্নে সুপ্রিম কোর্টসহ দেশের আইন অঙ্গনে জোর আলোচনা চলছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার গুরুত্বপূর্ণ এই পদে

2026-03-15T04:00:19+00:00
2026-03-15T04:00:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কে হচ্ছেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল
অলিউল ইসলাম
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:০০ এএম 
সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত
দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল প্রশ্নে সুপ্রিম কোর্টসহ দেশের আইন অঙ্গনে জোর আলোচনা চলছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ নিয়ে আদালতপাড়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। 

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘুরেফিরে আসছে। বিশেষ করে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। 

পাশাপাশি বিএনপিপন্থি প্রভাবশালী কয়েকজন আইনজীবীর নামও বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে। যাদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন শীর্ষ নেতার নামও রয়েছে।

বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই কার্যালয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ অনীক আর হক ও মুহাম্মদ আব্দুল জব্বার ভূঁঞা। 

এর আগে গত বছর ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের এ পদটি শূন্য রয়েছে।

সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকেন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা রয়েছে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে পারবেন। একই অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদে (৪) বলা হয়েছে, তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী স্বীয় পদে বহাল থাকবেন।

একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের বিষয়ে সরকার অভ্যন্তরীণভাবে চিন্তাভাবনা করছে। এ ক্ষেত্রে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ছাড়া আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। 

তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সম্ভাব্য এই প্রার্থীদের ঘিরে আইন অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন একাধিক আইনজীবী।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের আইন অঙ্গনে সুপরিচিত মুখ। তিনি অভিজ্ঞ ও মেধাবী আইনজীবী হিসেবে পরিচিত। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। পরে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। বিএনপির প্যানেল থেকে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুইবার নির্বাচিত সম্পাদক ছিলেন। 

বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবিধান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। 

আইন অঙ্গনের অনেকের মতে, পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী : ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাবা ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী। শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন এবং লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। 

আইনের সঠিক প্রয়োগ ও সুশাসন প্রতিষ্ঠাই তার অন্যতম অঙ্গীকার এবং এ জন্য তিনি আইনজীবী মহলে সুপরিচিত। 

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের পর সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নামটি আলোচনায় রয়েছে।

ব্যারিস্টার অনীক আর হক : জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সমন্বয়কদের পক্ষে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গ্রেস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নামও আলোচনায় রয়েছে।

ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল : আইন অঙ্গনে বিএনপিপন্থি আইনজীবী হিসেবে ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল সুপরিচিত। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক। দলীয় আদর্শের সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন মত ও ধারার আইনজীবীদের কাছেও তিনি জনপ্রিয় বলে জানা যায়। 

আওয়ামী লীগ সরকারের সময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া তিনি রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) আহ্বায়ক। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা রিট মামলার অন্যতম আইনজীবীও তিনি। সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নামও আলোচনায় রয়েছে।

ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনও সুপ্রিম কোর্টের পরিচিত আইনজীবী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় আসামিপক্ষে আইনি লড়াই করেছেন। 

জাতীয় চার নেতা হত্যা মামলাতেও তিনি আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন। 

সবশেষ তিনি গ্রামীণফোন সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন। সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল হিসেবে কেউ কেউ তার নামও আলোচনায় রাখছেন।

আইনজীবীরা আশা প্রকাশ করছেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে সরকার একজন যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকেই নিয়োগ দেবে। 

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সূত্র জানিয়েছে, সম্ভাব্য নিয়োগ নিয়ে আইনজীবী মহলে ভিন্নমতও রয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দায়িত্বশীল নেতারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। 

তাদের মতে, নিয়োগটি আইনজীবী মহলে গ্রহণযোগ্য না হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের মূল্যায়ন প্রশ্নের মুখে পড়তে পারে। একই সঙ্গে সমিতির আসন্ন নির্বাচন ও ফোরামের ভবিষ্যৎ কার্যক্রমেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে অনেক আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন।

যত আলোচনা-গুঞ্জনই চলুক না কেন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায়েই নেওয়া হবে। তবে আইন অঙ্গনের অনেকের ধারণা, আলোচনায় থাকা নামগুলোর মধ্য থেকেই শেষ পর্যন্ত দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হবেন।

এফআর


  বিষয়:   কে  পরবর্তী  অ্যাটর্নি জেনারেল  সুপ্রিম কোর্ট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: