জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানের রহস্যজনক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
রোববার (১৫ মার্চ) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিনের স্বামীর ভাষ্যমতে, রোববার দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে তিনি বাসায় ফিরে আসেন। এ সময় তিনি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পান। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে স্বামী ও বাড়িওয়ালার সহযোগিতায় দ্রুত শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্টরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে বলে জানিয়েছে পুলিশ।
এফআর