মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে কাতার সরকার আসন্ন ঈদুল ফিতরের নামাজ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে নিকটস্থ মজসিদে আদায়ের নির্দেশ দিয়েছে।
কাতারের দোহার বাংলাদেশ দূতাবাস দেশটিতে বসবাসরত প্রবাসীদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (১৭ মার্চ) ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, এ বছরের ঈদুল ফিতরের নামাজ সকলকে মসজিদে আদায় করার জন্য অনুরোধ জানিয়েছে। কাতার সরকারের সিদ্ধান্ত এবং নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে, বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায়, কাতারে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকদেরকে কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করে সকলকে তাদের নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সময়ের আলো/এনএ