পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
বুধবার (১৮ মার্চ) এক ব্যাখ্যায় পুলিশ জানায়, প্রকৃতপক্ষে বাসভবনে কোনো চুরির ঘটনা ঘটেনি।
ঝড়-বৃষ্টির সময় বাসার বাইরের সার্ভিস লাইনের বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত কিছু ব্যক্তি সেই তারগুলো নিয়ে যায়- যা ভুলভাবে ‘চুরি’ হিসেবে প্রচারিত হয়েছে।
আরও পড়ুন
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এই ঘটনা ঘটে। বাসার বাইরের দেয়ালসংলগ্ন লাইনের তার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যায়। পরদিন বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে ওই তার উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)।
পুলিশ সদরদপ্তর আরও জানায়, যাচাই-বাছাই ছাড়া ‘আইজিপির বাসায় চুরি’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের তথ্য প্রকাশের আগে দায়িত্বশীলতা ও নির্ভুলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
এএডি/