দীর্ঘ বিরতির নিস্তব্ধতা ভেঙে আবারও প্রাণ ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে প্রায় তিন মাস আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়নি লাল-সবুজের দলকে।
লিটন দাস, তাসকিন আহমেদদের মতো তারকারা ছিলেন বিশ্বকাপ আলোচনার বাইরে। তবে সেই অপেক্ষার ইতি টেনে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে ছন্দে ফেরে বাংলাদেশ। আর সিরিজ জয়ে ফিরে আসে আত্মবিশ্বাস, ড্রেসিংরুমে ছড়িয়ে পড়ে স্বস্তির হাসি।
তিন ম্যাচের ওই সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে শুধু একটি সিরিজ জেতাই নয়, নিজেদের ফিরে পাওয়ার গল্পও লিখেছে বাংলাদেশ। সিরিজ শেষ হতেই এখন ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে দলের ভেতরে। ব্যস্ত সুচির ফাঁকে এবার একটু স্বস্তির সময়।
কেউ ফিরছেন শেকড়ে, গ্রামের বাড়িতে পরিবার-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে; আবার কেউ থাকছেন রাজধানীতেই, কাছের মানুষদের নিয়েই কাটাবেন উৎসব। ঈদের ছুটি শেষেই আবার ফিরতে হবে অনুশীলনে, সূচি দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা পরিবারসহ ঢাকাতেই ঈদ উদযাপনের পরিকল্পনা করেছেন। অন্যদিকে তরুণ ক্রিকেটারদের মধ্যেও দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা।
মঙ্গলবার বনানীর একটি শোরুমে দেখা গেল ব্যাটার সাইফ হাসানকে। ঈদের কেনাকাটার ফাঁকে তিনি জানালেন, ঢাকাতেই ঈদ করব, কোথাও যাওয়ার প্ল্যান নেই আপাতত। এখানেই সবাই আছে। তা ছাড়া সামনে যেহেতু নিউজিল্যান্ড সিরিজ আছে, মানসিকভাবে প্রস্তুতিরও ব্যাপার রয়েছে।
অন্যদিকে আরেক তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন শেকড়ে ফেরার মধ্যেই। তার ভাষায়, ঈদ গ্রামে করতেই মজা। তাই চট্টগ্রামে চলে আসছি। এখানে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজনরা সবাই আছেন। বন্ধুদের সবাইকে এই সময়টাতেই তো পাই। তাই বাড়িতে ঈদ মিস করি না।
একদিকে পেশাদার ক্রিকেটের ব্যস্ততা, অন্যদিকে পরিবার আর শেকড়ের টান। তবে যে যেখানেই ঈদ করুক, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দটা তাদের সবার মাঝেই এক সুতোয় গেঁথে রেখেছে। এখন সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জÑ নিউজিল্যান্ড সিরিজ। ঈদের ছুটির পর আবারও মাঠে ফিরবে বাংলাদেশ দল, নতুন উদ্যমে, নতুন লক্ষ্যে।
এবার অন্যরকম ঈদ উদযাপন করবে বাংলাদেশের ফুটবলাররা। ঘরোয়া লিগ-টুর্নামেন্ট ঈদের আগেই বিরতি টানা হয়েছে। জাতীয় দলের সিঙ্গাপুর ম্যাচ থাকার কারণে। অন্যসব ফুটবলাররা যে যার মতো ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করলেও জাতীয় দলের ফুটবলারদের কাটবে ক্যাম্পে।
৩১ মার্চ এশিয়ান কাপের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দল। জাতীয় দলের ফরোয়ার্ড সুমন রেজার জন্য অন্য এক অভিজ্ঞতায় এসেছে এবারের ঈদ। জাতীয় দলের ক্যাম্পে ঈদ পালন করবেন তিনি।
সুমনের বাবা-মা স্ত্রী সন্তান থাকেন টাঙ্গাইলে। জাতীয় দলের ব্যস্ততা না থাকলে টাঙ্গাইলেই ঈদ পালন করেন। এবার তিনি ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে কাটাবেন। এ ব্যাপারে সুমন রেজা বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটানোর অনুভূতি আসলে ভাষায় প্রকাশের নয়। তবে যেহেতু আমরা দেশের প্রতিনিধিত্ব করি, তাই দেশের জন্য অনেক সময় নিজেদের স্বার্থ-আনন্দ ত্যাগ করতে হয়। এর ভেতরে অন্যরকম আনন্দ রয়েছে।
জাতীয় ফুটবল দলের মতো জাতীয় হকি দলও এশিয়ান গেমস সামনে রেখে ক্যাম্প করছে। যদিও দলটির খেলোয়াড়রা ঈদের ছুটি পেয়েছেন। তবে সেটা খুবই কম সময়ের। দলের গুরুত্বপূর্ণ সদস্য মিডফিল্ডার রোমান সরকার ঈদ অনুভূতি জানিয়ে বলেন, জাতীয় দলের ক্যাম্পে না থাকলে সাধারণত পরিবার নিয়ে ঈদ উদযাপন করি।
এবার জাতীয় দলের ক্যাম্প চলছে, তার পাশাপাশি ছুটিও পেয়েছে। ছুটিতে সাধারণত জন্মস্থান কুমিল্লাতে ঈদ পালন করি। এই প্রথম ঢাকায় ঈদ করব।
কারণ আমার স্ত্রী-ছেলেরা এখন ঢাকাতে অবস্থান করছে। তাদের নিয়ে এবার ঈদটা অন্যরকমভাবে পালন করব।
জাতীয় দলের হকি আরেক তারকা ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল এবার রাজশাহীতে পরিবার-পরিজন নিয়ে ঈদ পালন করবেন।
তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতি বছরের মতো এবারও পরিবার নিয়ে আনন্দে ঈদ কাটানোর চেষ্টা থাকবে। রাজশাহীতে বন্ধুবান্ধব, আত্মীয়রা আছেন, তাদের সঙ্গে ঈদ উদযাপন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবে।
সময়ের আলো/আআ