ঈদের আনন্দ মেহেদি ছাড়া যেন অপূর্ণ। হাতের তালুতে মেহেদির রঙিন কারুকাজ শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং উৎসবের আমেজকে করে তোলে প্রাণবন্ত। তবে অনেক সময় দেখা যায়, অনেক খাটনি করে মেহেদি পরলেও রং মনের মতো গাঢ় হয় না বা দ্রুত ফিকে হয়ে যায়।
মেহেদির রং মূলত নির্ভর করে ত্বকের ধরন এবং ব্যবহারের পরবর্তী যত্নের ওপর। প্রাকৃতিক উপায়ে মেহেদির রং গাঢ় লাল ও দীর্ঘস্থায়ী করার কিছু পরীক্ষিত টিপস নিয়ে আমাদের আজকের আয়োজন-
১. লেবু ও চিনি ব্যবহার
মেহেদির রং গাঢ় করতে যুগ যুগ ধরে ব্যবহৃত পদ্ধতি হলো- লেবু ও চিনি। এক কাপ পানি গরম করুন এবং এতে চিনি মিশিয়ে ঘন করে নিন। ঠান্ডা হলে এতে লেবুর রস মিশিয়ে নিন। মেহেদি শুকিয়ে গেলে এই মিশ্রণটি হাতে লাগালে রং গাঢ় হবে।
২. লবঙ্গের ধোঁয়া
মেহেদির রং গাঢ় লাল করতে লবঙ্গ ব্যবহার করতে পারেন। মেহেদি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এবং নকশা থেকে শুকনো মেহেদি তুলে ফেলার পর (পানি ব্যবহার ছাড়া) লবঙ্গের ধোঁয়া বা ভাপ ব্যবহার করুন।
একটি প্যানে কয়েক টুকরো লবঙ্গ নিয়ে ভালোভাবে গরম করুন। ধোঁয়া উঠতে শুরু করলে হাত প্যানের উপরে রাখুন। তাপমাত্রা যতক্ষণ সহনীয় মনে হয়, ততক্ষণ হাত রাখুন। এতে মেহেদির রং গাঢ় লাল হবে।
এছাড়া দুই হাতে লবঙ্গের তেল মেখেও রং আরও উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী করা যায়।
৩. পানির সীমিত ব্যবহার
মেহেদি তুলে ফেলার পর অতিরিক্ত পানি ব্যবহার রঙের উপরের লেয়ার ঝরিয়ে দিতে পারে। তাই অন্তত ২৪ ঘণ্টা হাতে খুব বেশি পানি লাগানো থেকে বিরত থাকুন।
৪. অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার
রোজমেরি, ইউক্যালিপটাস মতো অ্যাসেনশিয়াল অয়েল মেহেদির রং গাঢ় করতে বেশ ভালো কাজ করে। তাই মেহেদি শুকিয়ে গেলে কয়েক ফোঁটা অ্যাপ্লাই করুন।
৫. নারিকেল তেল
মেহেদির রং গাঢ় করতে নারিকেল তেল চমৎকার কাজ করে। এটা মেহেদির রং ফিকে হয়ে যাওয়া এড়াতে সাহায্য করে। আর্দ্রতা ধরে রেখে রং দীর্ঘস্থায়ী করতে নারিকেল তেল সহায়ক।
ন্যাচারালি মেহেদি শুকানো
মেহেদি পরার পরে অনেকেই হেয়ার ড্রায়ারের সাহায্য নেন। কিন্তু এতে ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং রংও সমানভাবে আসে না। তাই যতই ব্যস্ত থাকুন, মেহেদি ন্যাচারালি শুকিয়ে নিন। এতে রং গাঢ় হয়। যা সবচেয়ে প্রাকৃতিক ও নিরাপদ উপায়।
কার্যকরী টিপস
বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
খুব ঘন বা জাঁকজমকপূর্ণ ডিজাইনের দরকার নেই, সাধারণ স্টাইলও সুন্দর দেখাবে।
মেহেদি পরে রাতে ঘুমানোর আগে হালকা কভার বা মোজা ব্যবহার করতে পারেন, যাতে ডিজাইন ছিঁড়ে না যায়। (সূত্র : টাইমস অব ইন্ডিয়া)
এফআর