দিনাজপুরে তাপমাত্রা অনেকটা কমেছে। বিরাজ করছে শীতল আবহাওয়া। গেল ৪৮ ঘণ্টায় জেলায় মোট ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেখা গেছে, বৃষ্টির কারণে শীতল আবহাওয়া বিরাজ করায় দিনাজপুরবাসী শীতের আমেজ অনুভব করছেন। ঠান্ডা নিবারণে গরম কাপড় পরিধান করে বাসা থেকে বের হচ্ছেন। রাতের বেলা বাসা বাড়িতে তুলে রাখা লেপ কম্বল আবারও বের করছেন।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (২১ মার্চ সকাল ৬টা থেকে ২২ মার্চ সকাল ৬টা পর্যন্ত) ১০.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় (২০ মার্চ সকাল ৬টা থেকে ২১ মার্চ সকাল ৬টা পর্যন্ত) রেকর্ড করা হয় ২৯.০ মিলিমিটার বৃষ্টিপাত।
রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস কম।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে গিয়ে আপাতত জেলায় শীতল আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সময়ের আলো/জোই