গাজীপুর সাফারি পার্কে নতুন ৩ অতিথি, ঈদের ছুটিতে দর্শনার্থীর ঢল

মেহেদী হাসান লিটন, শ্রীপুর (গাজীপুর)

ফিচার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে সেজেছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এবারের ঈদের

2026-03-22T16:26:18+00:00
2026-03-22T16:26:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
গাজীপুর সাফারি পার্কে নতুন ৩ অতিথি, ঈদের ছুটিতে দর্শনার্থীর ঢল
মেহেদী হাসান লিটন, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম 
ঈদের ছুটিতে দর্শনার্থীর ঢল। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে সেজেছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এবারের ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পার্কে যুক্ত হয়েছে নতুন তিনটি সিংহ। আর এই নতুন অতিথিদের দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে একটি পুরুষ ও দুটি স্ত্রী সিংহ আনা হয়েছে। নতুন এই তিনটি সিংহসহ বর্তমানে পার্কে মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে ৫টি। ঈদের দিন থেকেই দর্শনার্থীরা কোর সাফারি জোনে এই নতুন সিংহগুলোকে দেখার সুযোগ পাচ্ছেন।

এদিকে, ঈদের আনন্দকে আরও উপভোগ্য করতে পার্ক কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ উদ্যোগ। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার হলেও দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় পার্ক খোলা রাখা হয়েছে। 

দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পার্কের পরিবহন ব্যবস্থাও উন্নত করা হয়েছে। বর্তমানে পার্কে রয়েছে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদ মিনিবাস, যার মাধ্যমে পর্যটকরা কোর সাফারি এলাকা ঘুরে দেখতে পারছেন।

জানা গেছে, পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলে মাত্র ১০ টাকায় প্রবেশের সুযোগ পাচ্ছে। এছাড়া ভেতরে বিভিন্ন সংরক্ষিত প্রাণী এলাকা ঘুরে দেখতে আলাদা টিকিট সংগ্রহ করতে হয়।

পার্কের অন্যতম প্রধান আকর্ষণ আফ্রিকান কোর সাফারি জোন যেখানে সিংহ, বাঘ, জিরাফ, জেব্রা, বিভিন্ন প্রজাতির হরিণ, নীলগাই, বনগরুসহ নানা বন্যপ্রাণী অবাধে বিচরণ করে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পর্যটকরা বাসে বসেই এসব প্রাণী খুব কাছ থেকে দেখার সুযোগ পান। এই ভ্রমণের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এছাড়া পার্কে থাকা ‘নাইন ডি থিয়েটার’-এ দর্শনার্থীরা প্রাণী ও প্রকৃতি বিষয়ক শিক্ষামূলক তথ্যচিত্র উপভোগ করতে পারেন, যা শিশু-কিশোরদের কাছে বেশ জনপ্রিয়।


পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসা ময়মনসিংহের ভালুকার বাসিন্দা আলী আকবর খসরু বলেন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, তাই পরিবারকে সময় দেওয়া হয় না। ঈদের ছুটিতে পরিবার নিয়ে এখানে এসে খুব ভালো লাগছে। সন্তানরাও অনেক আনন্দ করছে।

কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী তায়েবা তাবাসসুম ইরা বলে, পার্কে এসে সিংহ, বাঘ, ভালুক, হরিণ, জেব্রা, হাতি, ময়ূরসহ অনেক প্রাণী দেখেছি। জলহস্তীও দেখেছি। আমার খুব ভালো লেগেছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা দিতে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক কাজ করছেন। আমরা আশা করছি, এবারের ঈদে দর্শনার্থীরা নতুন অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরবেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন অতিথি তিন সিংহ, উন্নত ভ্রমণ সুবিধা ও বিশেষ ব্যবস্থাপনার কারণে এবারের ঈদে গাজীপুর সাফারি পার্ক ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ঈদের ছুটির দিনে প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শনার্থীর উপস্থিতি পার্কটির জনপ্রিয়তাকেই আরও প্রমাণ করছে।

এফআর


  বিষয়:   গাজীপুর  সাফারি পার্ক  নতুন  অতিথি  ঈদের ছুটি  দর্শনার্থী  ঢল 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: