বাড়িতে চলছিল বিয়ের আনন্দ-আয়োজন। সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল প্রকৌশলী জুলফিকার রহমান জিল্লুর (২৮)। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে বিয়ের আগের দিন বোন ও দুলাভাইকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার রহমান জিল্লু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, জুলফিকার রহমান তার বিয়েতে আপা ও দুলাভাইকে নিয়ে আসার জন্য নিজেই প্রাইভেটকার চালিয়ে বড়াইগ্রামের বনপাড়ায় বোন বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
এফআর