মহান স্বাধীনতার ৫৫ বছর পর অবশেষে সংরক্ষিত হচ্ছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার ঐতিহাসিক গণকবর। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইতোমধ্যে সংরক্ষণের কাজ শুরু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা ভবানীগঞ্জ বাজার এলাকায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করে এখানে গণকবর দেয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই জায়গাটিকে সংরক্ষণের দাবি জানায়। তবে কোনো সরকার উদ্যোগ নেয়নি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের গণকবরটি সংরক্ষিত হচ্ছে।
উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংসদ আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, এটি সংরক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বর্তমান প্রজন্ম। আগামী ২৫শে মার্চ শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গণকবরটি সংরক্ষণের মূল কাজ উন্মোচন হবে।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, ইউপি চেয়ারম্যানের সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।
এফআর