নড়াইল রেল স্টেশন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়কালে এক সরকারি কর্মচারীসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী ও পুলিশের টহল দল।
রোববার (২২ মার্চ) রাতে নড়াইল রেল স্টেশনের উত্তর পাশে গাড়ি পার্কিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নড়াইল সদরের কাগদী পাড়ার নিজাম মোল্যার ছেলে মো. জাকির হোসেন (৩০) এবং লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের আব্দুস সবুর শেখের ছেলে শেখ রাশেদুল ইসলাম (৩৪)।
শেখ রাশেদুল ইসলাম রেলওয়ের একজন পরিচ্ছন্নতা কর্মী (সরকারি কর্মচারী) হিসেবে দায়িত্বরত বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃত দুজনই কথিত বিএনপি নেতা মফিজ জমাদ্দারের লোক হিসেবে এলাকায় পরিচিত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চটপটি বিক্রেতা সজল মল্লিকসহ অন্য দোকানিদের নিকট গত ২১ মার্চ থেকে জন প্রতি ২০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল এই চক্রটি। ২২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে পুনরায় চাঁদা আদায় করতে গেলে দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল তাদের হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্যবসায়ীদের নিকট থেকে প্রায় ১০ হাজার টাকা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সজল মল্লিক বাদী হয়ে নড়াইল সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে মফিজ জমাদ্দারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নড়াইল স্টেশন এলাকা তিনি রেলওয়ে থেকে ইজারা নিয়েছেন।
তবে সহকারী নড়াইল স্টেশন মাস্টার মানিক কুমার সরকার বলেন, নড়াইল স্টেশন এলাকা ইজারা সম্পর্কে তিনি কিছু জানেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইল স্টেশনের এক কর্মকর্তা জানান, প্রতিদিন সন্ধ্যার পর স্টেশন এলাকার ওভার ব্রিজের উপর লাখ লাখ টাকার মালামাল চুরি হচ্ছে, রাতের আধারে লিফটের মালামাল খুলে নিয়ে যাচ্ছে। তবে দেখার কেউ নাই। এসব কারণে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
এফআর