স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তিনি এ কথা বলেন।
সভায় রাজধানীর প্রধান সমস্যা হিসেবে যানজটকে চিহ্নিত করা হয়। এ সময় রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে স্বল্পমেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদি কী করতে পারি সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট সব দফতর ডিএমপি, সিটি করপোরেশনের দুই প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক ও বুয়েটের বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্তমূলক অনেক আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদি যে সব পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারব। ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। তারপর মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বাস্তবায়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় আমাদের এই ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক সিগন্যালগুলো আমরা অটোমেশনের ব্যবস্থা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এখন সাতটা কাজ করছে, আর সপ্তাহখানেকের মধ্যে আরও ছয়টা ইন্টারসেকশনে কাজ হবে সিগন্যাল মোড়ে। এরপরে পর্যায়ক্রমে ১২০ টার মতো সিগন্যাল আছে ঢাকা শহরে সবগুলোই অটোমেশন করা হবে।
সময়ের আলো/আরবিএন