বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও নির্মাণাধীন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে

2026-11-29T14:02:02+00:00
2026-11-29T14:13:14+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ২:১৩ পিএম
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) । ছবি : সংগৃহীত
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) । ছবি : সংগৃহীত
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও নির্মাণাধীন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এসব স্থাপনায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা তল্লাশি এবং রাতের বেলায় টহল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহানের সই করা এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নির্ধারিত দায়িত্বে থাকা কর্মচারী ছাড়া অন্য কারও এসব স্থানে প্রবেশের সুযোগ রাখা যাবে না। বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখতে আগের নির্দেশনাগুলোও আরও জোরদার করতে হবে।

দর্শনার্থীদের প্রবেশের আগে বডি মেটাল ডিটেক্টরসহ প্রয়োজনীয় যন্ত্রের মাধ্যমে তল্লাশি এবং পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে, গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) মূল অংশে কোনো বহিরাগতকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। অনুমতি সাপেক্ষে প্রবেশকারীদের অবশ্যই ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।

এ ছাড়া, দর্শনার্থীদের নাম, পূর্ণ ঠিকানা, আগমনের উদ্দেশ্য, কার সঙ্গে দেখা করতে এসেছেন এবং সংশ্লিষ্ট দফতরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড ও ভাণ্ডারে ব্যাগসহ যেকোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের সময় যথাযথ তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় স্থাপনাগুলোতে থাকা সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


নিরাপত্তা নিশ্চিতে বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীরের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার, ওয়াচ টাওয়ারে নিয়মিত দায়িত্ব পালন এবং নিরাপত্তাবাতি সচল রাখার কথাও বলা হয়েছে।

দাফতরিক সময়ের পর, বিশেষ করে রাতে নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিদর্শনের তথ্য রেজিস্টারে লিখতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার নিয়মও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পাশাপাশি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিপিডিবির আওতাধীন সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বিদ্যুৎকেন্দ্র  গুরুত্বপূর্ণ স্থাপনা  নিরাপত্তা  জোরদার  নির্দেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: