প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২১ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১১:২২ এএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন । ছবি : সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন । ছবি : সংগৃহীত আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটের পরিবেশ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলগুলোর মতামত ও সহযোগিতা নিতে তিন দিনব্যাপী এ সংলাপের আয়োজন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে প্রথম দিনের সংলাপ শুরু হয়। এ দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে কমিশন। সব মিলিয়ে তিন দিনে ৫৫টি দলের সঙ্গে আলোচনা করবে ইসি। শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে সংলাপের এ সূচি জানানো হয়।
সংলাপের দ্বিতীয় দিনে সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ ১৯টি দলের সঙ্গে বসবে কমিশন। শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা চাওয়া হবে। বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন, রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা একটি সভা অনুষ্ঠিত হবে।
এ দিকে, গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন জানিয়েছিল, ইউপি নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
পরবর্তী ধাপগুলোতে দ্বিতীয় পর্যায়ে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় পর্যায়ে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ পর্যায়ে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম পর্যায়ে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে দেশের ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।
সময়ের আলো/এসকে