প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১১:২৪ এএম

পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে । ছবি : সংগৃহীত
পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে । ছবি : সংগৃহীত নতুন বেতনকাঠামো বা পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে পে-স্কেল বাস্তবায়নের কাজ এখনো সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণের দাবির প্রসঙ্গে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ৯ মাসে বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বেশ কঠিন কাজ ছিল। তবে, পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এর মধ্যেই জাতীয়করণের দাবিতে শিক্ষকদের রাস্তায় নামার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষা সচিব বলেন, বদলি নীতিমালা তৈরির কাজ চলছে। সরকার আন্তরিকতা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষকদের কল্যাণে কাজ করছে। এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
জাতীয়করণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে সরকার জাতীয়করণের উদ্যোগ নেবে। তবে এ জন্য সরকারের অর্থের পাশাপাশি নীতিনির্ধারণী সিদ্ধান্তও প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে কম্পিউটার, ল্যাব ও নতুন বই সরবরাহের বিষয়ও রয়েছে।
সরকারের আর্থিক সহযোগিতার প্রসঙ্গ তুলে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশ না নেওয়ার আহ্বানও জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই সিনিয়র সচিব।
সময়ের আলো/এসকে