বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার।তিনি

2026-03-25T01:56:13+00:00
2026-03-25T01:56:13+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১:৫৬ এএম 
সংগৃহীত ছবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার। 

তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঋণ সুবিধা মন্ত্রণালয়ের বিশেষায়িত ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-এর মাধ্যমে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনশক্তি রফতানি বৃদ্ধি এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিয়েছিলেন। তার ফলোআপ হিসেবে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীরা যাতে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি জটিলতায় না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী এই ঋণের ব্যবস্থা করতে বলেছেন। তবে এই ঋণ নগদ আকারে হাতে দেওয়া হবে না; বরং টিউশন ফি বা অন্যান্য প্রয়োজনীয় পেমেন্টের ক্ষেত্রে সরাসরি সাপোর্ট হিসেবে কাজ করবে। 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে আমাদের শ্রমবাজার বা রেমিট্যান্সে দীর্ঘমেয়াদি কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সাময়িক কিছু সমস্যা হলেও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে বাংলাদেশের বিপুলসংখ্যক জনশক্তির চাহিদা তৈরি হবে। সেখানে নতুন কর্মসংস্থানের বড় সম্ভাবনা দেখছি। একই সঙ্গে মালয়েশিয়া ও ভিয়েতনামের শ্রমবাজার দ্রুত চালুর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যাবে। 

শ্রমবাজারের সিন্ডিকেট ও উচ্চ অভিবাসন ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, সরকার আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিবাসন ব্যয় সুনির্দিষ্ট করে দেওয়ার কাজ করছে। এটি চূড়ান্ত হলে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে। জাপান ও 

ইউরোপে শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, জাপানে ১ লাখ লোক পাঠানোর বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত বাস্তবায়নে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। 

এ ছাড়া ইউরোপের যেসব দেশের ভিসার জন্য ভারতে যেতে হয়, সেসব দেশের কনস্যুলার সেবা যাতে ঢাকা থেকেই নিশ্চিত করা যায়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশে কনস্যুলার সেবা দেওয়া শুরু করেছে।

দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি কারিগরি কারণে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশগামী ফ্লাইটের যে জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও বিমানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রবাসীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমসহ মূলধারার গণমাধ্যমে মন্ত্রণালয়গুলোর সক্রিয়তা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   প্রবাসী  কল্যাণ  বৈদেশিক  কর্মসংস্থান  প্রতিমন্ত্রী  নুরুল  হক  নুর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: