বিয়েতে ‘ডিজেল’ উপহার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে গণঅধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতার বিয়েকে ঘিরে ব্যতিক্রমী এক উপহার নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রচলিত উপহারের

2026-03-25T23:55:22+00:00
2026-03-25T23:55:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিয়েতে ‘ডিজেল’ উপহার
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৫৫ পিএম 
অতিথিরা বরের হাতে প্রতীকীভাবে ডিজেল তুলে দিচ্ছেন। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকিতে গণঅধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতার বিয়েকে ঘিরে ব্যতিক্রমী এক উপহার নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রচলিত উপহারের পরিবর্তে অতিথিরা বরের হাতে প্রতীকীভাবে ডিজেল তুলে দেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মী ও সমর্থকেরা ডিজেলভর্তি একটি পাত্র উপহার দেন।

ঘটনাটি একই দিন রাত ১০টার দিকে গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান তার ফেসবুক পোস্টে ছবিসহ প্রকাশ করলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

পোস্টে তিনি লেখেন, তৈলের তীব্র সংকট মোকাবেলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান এবং দপ্তর সম্পাদক মো. সাইফুল মৃধাসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সম্মিলিতভাবে একটি ৫ লিটারের পাত্রে প্রায় ৩ লিটার ডিজেল ভরে বর ও কনের হাতে তুলে দেন। 

উপস্থিত অতিথিদের সামনে প্রতীকীভাবে এই উপহার প্রদান করা হয়, যা জ্বালানি সংকটের বাস্তবতা তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করে।

খোঁজ নিয়ে জানা যায়, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক হুসাইনের ছেলে শহিদুল ইসলাম ফাহিমের সঙ্গে একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম মো. শহিদুল ইসলাম খানের মেয়ে শারমিন স্বর্ণার বিবাহ অনুষ্ঠানে এ উপহার প্রদান করা হয়।

বিয়েতে আগত অতিথিরা জানান, সাম্প্রতিক সময়ে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক ফিলিং স্টেশনে সরবরাহ সীমিত থাকায় কৃষি, মৎস্য ও পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকেরা সেচ দিতে পারছেন না, জেলেরা নদীতে যেতে পারছেন না এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষও চাপে পড়েছেন। পাশাপাশি খুচরা বাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগও রয়েছে। ফলে ডিজেল এখন শুধু জ্বালানি নয়, মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।

বিয়েতে এমন উপহার দেওয়ার মাধ্যমে জ্বালানি সংকটের বিষয়টি সামনে আনার চেষ্টা করা হয়েছে বলে জানান অতিথিরা।

ছাত্র গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, আমরা এই উদ্যোগের মাধ্যমে একটি বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছি। গ্রামাঞ্চলে ডিজেল সংকট এখন বড় ধরনের দুর্ভোগ তৈরি করেছে। কৃষক, জেলে ও পরিবহন খাত সবাই ক্ষতিগ্রস্ত। আমরা নিজেরাও বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে তেল পাইনি। তাই বিয়ের মতো একটি সামাজিক অনুষ্ঠানে প্রতীকীভাবে ডিজেল উপহার দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। এটি কোনো ব্যতিক্রম দেখানোর জন্য নয়, বরং একটি বার্তা- জ্বালানি সংকট এখন মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

বিয়েতে আমন্ত্রিত অতিথি ও ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান বলেন, শহিদুল ইসলাম ফাহিম ভাইয়ের বিয়েকে ঘিরে আমরা একটি বাস্তবতা তুলে ধরতে চেয়েছি। পটুয়াখালী ও দুমকি উপজেলার ৭টি ফিলিং স্টেশন ঘুরেও আমরা নিজেদের বাইকের জন্য তেল পাইনি। পরে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বেশি দামে ডিজেল কিনেছি। সেই অভিজ্ঞতা থেকেই প্রতীকীভাবে এই উপহার দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, জীবনে অনেক বিয়ে দেখেছি, কিন্তু এমন উপহার কখনো দেখিনি। প্রথমে ব্যতিক্রম মনে হলেও পরে বুঝেছি, এটি সময়ের বাস্তবতা। এখন গ্রামের মানুষ তেলের জন্য ভোগান্তিতে রয়েছে। এই উপহারটি আমাদের চোখে আঙুল দিয়ে বাস্তবতা দেখিয়ে দিয়েছে। এটি নিছক উপহার নয়, বরং একটি শক্ত বার্তা।

স্থানীয়দের মতে, এ ধরনের ব্যতিক্রমী উপহার বিয়ের অনুষ্ঠানে নতুনত্ব এনেছে এবং একই সঙ্গে সমাজের বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটিয়েছে। 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সৃজনশীল ও সময়োপযোগী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ দেশের জ্বালানি ব্যবস্থাপনার বর্তমান সংকটের প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেছেন।



  বিষয়:   পটুয়াখালী  দুমকি  বিয়ে  উপহার  ডিজেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: